বঙ্গবন্ধু বিপিএলে কাগজে-কলমে সবচেয়ে শক্তিধর দল ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। গতকাল মিরপুর স্টেডিয়ামে দুই দলের লড়াইটা অবশ্য জমতে দেননি ঢাকার ক্রিকেটাররা। ব্যাটে-বলে রাজশাহীকে দমিয়ে রেখে ৭৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা। আট ম্যাচে ঢাকার এটি পঞ্চম জয়। সাত ম্যাচে রাজশাহীর এটি দ্বিতীয় হার। টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল দলটি।
রান তাড়া করতে নেমে আফিফ শুরুতে তোপ দাগিয়েছিলেন। কিন্তু ওয়াহাব রিয়াজের করা চতুর্থ ওভারে পথ হারায় রাজশাহী। ওই ওভারে ৩ উইকেট হারায় দলটি। দ্রুত তিন উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। ১৬.৪ ওভারে ১০০ রানে অলআউট হয় রাজশাহী। আফিফ ৩১, নাহিদুল ১৪, লিটন ১০, বোপারা ১০ রান করেন। ওয়াহাব রিয়াজ ৮ রানে ৫ উইকেট নেন।
উইকেটের পেছনে ৬টি ক্যাচ নিয়ে রেকর্ড গড়েছেন ঢাকার উইকেটকিপার জাকের আলী। বিপিএলে এর আগে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ নিয়েছিলেন উমর আকমল ও মোহাম্মদ শাহজাদ।
এর আগে তামিম ইকবাল ও আসিফ আলীর জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭৪ রান তুলেছিল ঢাকা প্লাটুন। যদিও ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল দলটি। ষষ্ঠ উইকেটে তামিম-আসিফের ৯০ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি গড়ে ঢাকা। তামিম ৫২ বলে অপরাজিত ৬৮ রান (৪ চার, ৩ ছয়) করেন। আসিফ আলী ২৮ বলে অপরাজিত ৫৫ রান (৪ চার, ৪ ছয়) করেন। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ২টি, আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, রবি বোপারা ১টি করে উইকেট নেন।