রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন। এই তথ্যের জন্য রাশিয়ায় নতুন বছরে একটি হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিতে সমর্থ হয়েছে রুশ নিরাপত্তা বাহিনী। রবিবার প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর এই তথ্য জানা যায়। খবর বিবিসির
রুশ সচিবালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার কাছ থেকে একটি পরিকল্পিত হামলার বিষয়ে তথ্য পেয়েছিলেন তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নতুন বছরের শুরুতে সেইন্ট পিটার্সবার্গে হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে রাশিয়ার মিডিয়া। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই ঘটনায় দুই রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা বড়ো সমাবেশে হামলার পরিকল্পনা করছিল। এর আগেও ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে। রবিবারের আলাপে তারা সিরিয়া, পরমাণু চুক্তি, উত্তর কোরিয়া, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে অপর একটি সতর্কবার্তার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন পুতিন। সেই সময়ও পরিকল্পিত হামলার ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে রাশিয়াকে সতর্ক করা হয়েছিল।