বাগদাদে আমেরিকান দূতাবাসে হামলা

ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীর ওপর মার্কিন বাহিনীর প্রাণঘাতী বিমান হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভকারীরা এ হামলা চালায়। খবর বিবিসি’র

গত ২৯ ডিসেম্বর মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ’র ঘাঁটিতে বিমান হামলা চালায়। এতে অন্তত ২৫ যোদ্ধা নিহত হন। কাতাইব হিজবুল্লাহ ইরাকের সরকারপন্থী একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সরাসরি সহায়তা করে আসছে। 

এই হামলার ঘটনায় বাগদাদে নিহতের দাফন শেষে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে হাজার হাজার বিক্ষোভকারী সরকারি বিভিন্ন কার্যালয়সহ বিদেশি দূতাবাস অবস্থিত এলাকা গ্রিনজোনে যায়। সেখানে তারা মার্কিন দূতাবাসের বাইরের দেয়াল ভাঙচুর করে কম্পাউন্ডে প্রবেশ করে এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাছাড়া নিরাপত্তারক্ষীদের চেকপোস্টে হামলা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এসময় মার্কিন সেনারা বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ছুঁড়ে। হামলার সময় দূতাবাসে কোনো কর্মী ছিল কি’না তা জানা যায়নি। 

আরও পড়ুন:  পাকিস্তানকে 'ইঙ্গিতপূর্ণ' হুমকি ভারত সেনাপ্রধানের

এর আগে মার্কিন বিমান হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কাতাইব হিজবুল্লাহর কমান্ডার আবু মাহদি আল মুহানদিস। ইরান এই হামলাকে ‘মার্কিন সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে আখ্যা দেয়। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এতে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। 

ইত্তেফাক/এসইউ