মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশব্যাপী মাদক দমনে জনসাধারণকে সম্পৃক্ত করতে হটলাইন চালু করা হচ্ছে। এর মাধ্যমে মানুষ সহজেই তথ্য জানাতে পারবে।
দেশের যে কোনো প্রান্তে বসে সহজেই নাম-পরিচয় গোপন রেখে মাদক সম্পর্কে তথ্য দেওয়া যাবে। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এজন্য এই বছর এসে আমরা নতুন একটি পদক্ষেপ নিয়েছি। সেটি হচ্ছে ঘরে বসে নাম-পরিচয় গোপন রেখে মাদক সম্পর্কে তথ্য দেশের যেকোনো প্রান্তে বসে তার এলাকার মাদক কারবারি মাদকসেবী সম্পর্কে যে কোনো তথ্য দিতে পারবেন। যে কোনো সহযোগিতা তারা নিতে পারবেন। মহাপরিচালক জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ০১৯০৮৮৮৮৮৮৮ এই নম্বরটি ২ জানুয়ারি সবার জন্য উন্মুক্ত করে দেবে।
মহাপরিচালক জামাল উদ্দিন আরো বলেন, আগামী ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হবে। ‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উত্সর্গ করা হয়েছে।
তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে উদ্যাপনের জন্য দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। যা আগামী ২ জানুয়ারি সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে চলবে বছরব্যাপী। এ বছর চালু হওয়া চাকরিতে ডোপটেস্টের কার্যক্রম আরো বিস্তৃত করা হবে।
ইত্তেফাক/ইউবি