সামিয়া জাহান মুন। মিডিয়ায় তার পথচলা শুরু হয় ২০১১ সালে। ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেন ‘মিস বিউটি স্কিন’ খেতাব। এরপর মডেলিং ও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। রবি, আরএফএল, রুচি, ক্লেমন ও তীর ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন বেশ কয়েকটি সিঙ্গেল নাটকে। এগুলোর মধ্যে ‘ইরর’, ‘সম্পদ’, ‘রশ্মি’, ‘ফ্ল্যাশব্যাক’ উল্লেখযোগ্য। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় আগ্রহী হয়ে ওঠেন। চ্যানেল ২৪-এ ‘সকাল ২৪’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি ফ্রিল্যান্স উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন ইটিভির ‘ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট’, দেশ টিভির ‘ফাগুনের মলাট’, বিটিভির ‘ক্যাম্পাস তারকা’ ও আরএফএল হোম মেকার কুকিং প্রতিযোগিতায়।
২০১৪ সালে যমুনা টেলিভিশনের ‘শোবিজ টুনাইট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়মিত উপস্থাপনা শুরু করেন মুন। এরপর চ্যানেলটির উল্লেখযোগ্য সব অনুষ্ঠানে উপস্থাপনা করে সবার নজর কাড়েন তিনি। আর সেখান থেকেই আবারও নতুন করে যাত্রা শুরু হয় তার। দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে সিঙ্গাপুরে উপস্থাপনা করতে যান ২০১৭ সালে। এছাড়াও মাস্টার সেফ কুকিং প্রতিযোগিতা ২০১৭, বাঙালি নিউ ইয়ার কনসার্ট এবং হারি রায়া কনসার্টে উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন।
শুধু মডেলিং ও উপস্থাপনায় নিয়ে পড়ে থাকেননি। কাজের পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়া। ২০১৫ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।
সম্প্রতি আমেরিকায় পাড়ি দিয়েছেন সামিয়া জাহান মুন। বাংলাদেশি কমিউনিটির আমন্ত্রণে কমিউনিটির চ্যানেল ও পত্রিকায়, তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি। পাশাপাশি তিনি তুলে ধরছেন, কীভাবে বাংলাদেশের তরুণ প্রজন্ম সব সেক্টরে কাজ করে অবদান রাখতে পারে, এমন সব বিষয়। খুব শীঘ্রই দেশে ফিরবেন তরুণ এই উপস্থাপিকা।