দেশে প্রথমবারের মতো স্পেশাল চাইল্ডদের নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ইডিয়ট’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এ নাটকে এমন তিন জন সুপার হিরো স্পেশাল চাইল্ডকে দেখানো হয়েছে, যারা স্বাভাবিক মানুষের চেয়ে কখনো কখনো এগিয়ে। তারা একটি মিশনকে সামনে রেখে বাড়ি থেকে পালায়। মোগল সাম্রাজ্যের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা এখনো আবিষ্কার হয়নি, তার একটি ক্লু পায় তারা। এরপর আবিষ্কারের নেশায় তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে কাউকে কিছু না জানিয়ে। নাটকটি প্রসঙ্গে পরিচালক সুমন আনোয়ার বলেন, ‘তিন জন অটিস্টিক শিশু ‘ইডিয়ট’ নাটকের মূলকেন্দ্রে রয়েছে। শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশুদের আরো একটু এগিয়ে দিতে আমরা ‘ইডিয়ট’ ধারাবাহিকের পরিকল্পনা করি।’ এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছে নাঈম, কল্যাণ কোরাইয়া ও শ্যামল মওলা। আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, আহসান হাবিব নাসিম, আল মামুন, আদনান আল ফারুক, নেহা, মুনিরা মিঠু, সাজ্জাদ রেজা, রুনা খান, মৌসুমী হামিদ, শবনম ফারিয়া, সানজিদা তন্ময়, ইন্তেখাব দিনার, জাকারিয়া হাসান, ইকতারুল ইসলাম, তানভির খান, আমানুল হক হেলাল, নিরঞ্জন নিরু প্রমুখ। ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হচ্ছে।