কারিনার শুভ সংবাদ

কারিনা কাপুরের বয়স ৩৯ চলছে। বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী হিসেবে ২০ বছর আগে, ২০০০ সালে। মা হয়েছেন কয়েক বছর আগে। পুত্র তৈমুরের বয়স দুই পেরিয়ে তিনে পা রেখেছে সম্প্রতি। স্বামী সাইফ আলি খানকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন এই বলিউড ডিভা। হালে তৈমুরের জন্মদিন পালন করলেন মোটামুটি জাঁকজমকপূর্ণ আয়োজনে। এমনিতেই দারুণ ব্যস্ত সময় পার করছেন কারিনা হালে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘গুড নিউজ’-এর প্রচারণার কাজে। এক বছর পর আবার রুপালি পর্দায় উপস্থিত হয়েছেন। গত বছর তাকে দেখা গিয়েছিল ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিতে। বিয়ের পর অন্যান্য অনেক নায়িকার মতো অভিনয়কর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়ে স্বামী ও সংসারে বেশ মনোযোগী হন এই জনপ্রিয় তারকা অভিনেত্রী। মা হওয়ার পর তার দায়িত্ব আরো বেড়ে যায়। দাম্পত্য জীবন, সন্তানের লালন-পালন, শ্বশুরবাড়িতে একজন বধূ হিসেবে নানা বিষয় দেখভাল করার পাশাপাশি অভিনেত্রী হিসেবে নিজেকে শোবিজে ধরে রাখার ক্ষেত্রে একধরনের ইচ্ছার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে কয়েক বছর ধরে। ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ের পর কারিনা নায়িকা হিসেবে দর্শকদের সামনে এসেছেন ‘অ্যাজেন্ট বিনোদ’, ‘হিরোইন’, ‘তালাশ’, ‘সত্যগ্রহ’, ‘গোরি তেরি পেয়ার মে’, ‘সিংহাম রিটার্নস’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘ব্রাদার্স’, ‘কি অ্যান্ড কা’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিগুলোতে। সাধারণত বিয়ের পর অনেক নায়িকাই গ্ল্যামার, শারীরিক আকর্ষণ, জনপ্রিয় ইমেজ হারিয়ে ফেলেন। স্বাভাবিকভাবে দর্শকদের আগ্রহ, কৌতূহল আর আগের মতো অটুট থাকে না। অথচ কারিনার বেলায় তা লক্ষ করা যায়নি। আগের মতো গ্ল্যামার, শারীরিক ফিটনেস, আকর্ষণ সবই ধরে রেখেছেন। গ্ল্যামারাস ইমেজ ধরে রাখার পাশাপাশি ব্যতিক্রমধর্মী, জটিল, চ্যালেঞ্জিং রোলেও নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছেন কারিনা। সময়ের সঙ্গে তাল মেলানো নতুন ধরনের গল্পের ছবিগুলোতে আধুনিক নারী চরিত্রে কারিনা কাপুরের সাবলীল অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করছে। এ প্রসঙ্গে গত বছরে মুক্তিপ্রাপ্ত ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিতে কারিনা অভিনীত চরিত্রটি ছিল আধুনিক এক নারীর। যেখানে অনেক সাহসী মনোভাবের প্রকাশ ঘটানো হয়েছে, যা এর আগে বলিউডি নায়িকাদের মাধ্যমে অকপটে তুলে ধরার কথা ভাবা যেত না। কারিনার নতুন সিনেমা ‘গুড নিউজ’-এর গল্পটি কমেডি-রোমান্টিক ধাঁচের হলেও এখানে নতুনত্ব রয়েছে। দাম্পত্য জীবনের এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, তা এর আগে হিন্দি সিনেমার পাত্রপাত্রীদের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপনের কথা ভাবা যেত না। আজকাল বলিউডে অনেক সাহসী বিষয়বস্তু নিয়ে হরদম ছবি নির্মিত হচ্ছে। ‘গুড নিউজ’ ছবিতেও তেমনি কিছু ব্যাপার রয়েছে। ‘দর্শক এমন একটি রোলে আমাকে দেখে বেশ মজা পাবে। আমি স্রেফ গ্ল্যামারগার্ল ইমেজে এখনো দর্শকদের সামনে আসব, তা হতে পারে না। আমার বয়স ও অভিনেত্রী হিসেবে ম্যাচিওরিটি নিয়ে আমি সব সময় সচেতন, সে অনুযায়ী পর্দায় নিজেকে তুলে ধরতে চাই,’ কারিনা বলেন। নতুন করে মা হওয়ার পরিকল্পনা নেই তার। ‘আমি ও সাইফ এখন তৈমুরকে নিয়ে বেশ ভালো আছি। আপাতত আবার নতুন সন্তানের মা-বাবা হওয়ার কথা ভাবছি না আমরা,’ সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বলেন কারিনা কাপুর খান।