যার খ্যাতি বেড়েছে মহাকাশযুদ্ধে

‘স্টার ওয়ারস’ সিরিজের যাত্রা শুরু ১৯৭৭-এ। প্রিন্সেস লিয়ার নেতৃত্বে একদল বিদ্রোহীর মিশন ছিল গ্যালাস্টিস অ্যাম্পায়ারের স্পেস স্টেশন ‘ডেথ স্টার’ ধ্বংস করা। কিন্তু দুর্ভাগ্যক্রমে ধরা পড়ে যান প্রিন্সেস। বন্দী করা হয় তাকে। তারপর নানা লড়াইয়ে মিশনটি সফল হয়। এমন গল্পে নির্মিত সিনেমাটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। এটি ছিল স্টার ওয়ারস সিরিজের প্রথম কিস্তি। এর ধারাবাহিকতায় গত ৪২ বছরে নির্মিত হয়েছে নয়টি সিনেমা। জনপ্রিয় স্টার ওয়ারস সেকেন্ড ট্রিলজির শেষ পর্বের সিনেমা ‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ২০১৫ সাল থেকে স্টার ওয়ারস সিরিজের সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ডেইজি রিডলি। ‘স্টার ওয়ারস :দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ ছবিতে প্রথম তাকে কেন্দ্রীয় নারী চরিত্র ‘রে’র ভূমিকায় দেখা যায়। শুরুতেই নানা চমক নিয়ে পর্দায় উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর ‘দ্য লাস্ট জেডি’তেও একই চরিত্রে দেখা যায় তাকে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটিও ব্যাপকভাবে আলোচিত হয় এবং সাফল্য পায় বক্স অফিসে। ততদিনে স্টার ওয়ারস সিরিজের একজন আবশ্যিক তারকায় পরিণত হন ডেইজি। গত বছরের আগস্ট থেকে ‘স্টার ওয়ারস :দ্য রাইজ অব স্কাইওয়াকার’-এর কাজ শুরু হয়েছিল। দর্শক অনেক দিন থেকেই ছবিটির প্রতীক্ষায় ছিলেন। যারা ইতিমধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখেছেন, তারা ‘রে’ চরিত্রে তার দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। ২৭ বছর বয়সী এই ইংরেজ অভিনেত্রীর খ্যাতি, পরিচিতি ও জনপ্রিয়তা দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ‘স্টার ওয়ারস’ সিরিজের কল্যাণে।

লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে ডেইজি রিডলির জন্ম। পশ্চিম লন্ডনে বেড়ে ওঠেন। ট্রিং পার্ক স্কুল ফর দ্য পারফরমিং আর্টসে নাটকে অভিনয়ের ওপর ট্রেনিং নেন। সেই থেকে ছোটখাটো রোলে অতিথি শিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পাওয়া শুরু করেন। ২০১৫ সালে হরর সিনেমা ‘স্ক্রল’-এর মাধ্যমে বড়ো পর্দায় অভিনেত্রী হিসেবে অভিষেক হয়েছিল তার। তবে ক্যারিয়ার শুরু হয়েছিল শর্ট ফিল্মে অভিনয়ের মাধ্যমে। বলতে গেলে, স্টার ওয়ার তাকে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। তবে এর বাইরে ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’, ‘ওফেলিয়া’ ছবি দুটিতেও তার অভিনয় দর্শকদের আলোড়িত করেছিল। ‘পিটার র্যাবিট’ অ্যানিমেটেড ছবিতে কটন টেইল র্যাবিটের কণ্ঠ দিয়েছেন তিনি। সামনে আসছে ‘পিটার র্যাবিট টু’, ‘দ্য রানওয়ে’ ছবিটি। এখানেও আগের মতো কটন টেইল র্যাবিটের কণ্ঠ দিয়েছেন তিনি। আগামী বছর তার অভিনীত হলিউডি সায়েন্স ফিকশন সিনেমা ‘ক্যাওয়াস ওয়াকিং’ মুক্তি পাবে। টম হল্যান্ড, ম্যাডস নিকেলসন, নিক জোনাস প্রমুখ বিখ্যাত তারকার পাশে ডেইজি রিডলি তার উজ্জ্বলতা দিয়ে বাজিমাত করবেন দর্শকহূদয়, এ আশা করা যায়।