লেখক চক্রের কবি সম্মেলন

তীব্র শীত আর কুয়াশাছন্ন আকাশের মাঝে বগুড়ায় জড়ো হয়েছিল সারাদেশ থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক। নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ায় ৩ দিন এই কবি-সাহিত্যিকরা আড্ডায় মেতেছিলেন। বগুড়ার সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী এই কবি সম্মেলনের আয়োজন করা হয়। ২০ ডিসেম্বর এই কবি সম্মেলন উদ্বোধন করা হয় এবং শেষ হয় ২২ ডিসেম্বর।

২০ ডিসেম্বর ভোরের কুয়াশা উপেক্ষা করে সারাদেশ থেকে আসা কবি-সাহিত্যিকরা জড়ো হন বগুড়া জেলা পরিষদ মিনায়তনে। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম।

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক, কবি ও সম্পাদক মাহমুদ কামাল, বিভাগীয় সমবায় কর্মকর্তা গোলাম সরওয়ার ও রুখসানা পারভীন লীনা। 

বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক অ্যাড. পলাশ খন্দকার। উদ্বোধক ও প্রধান অতিথি কবি আমিনুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সভাপতি ইসলাম রফিক ও সামারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী শুভেচ্ছা স্মারক প্রদান করেন। উদ্বোধক ফিতা কেটে ৩ দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। প্রথমদিন কথা ও কবিতার দুটি পর্বে সভাপতিত্ব করেন কবি শোয়েব শাহরিয়ার ও কবি খৈয়াম কাদের।

কবি সম্মেলনের দ্বিতীয় দিন বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করে বগুড়া লেখক চক্র। সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সমবায় অধিদপ্তরের মহাপরিচালক আমিনুল ইসলাম। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি মাকিদ হায়দার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গোলাম কিবরিয়া পিনু, কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার এবং কবি কুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। এ বছর সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন কবিতায় মনিরুজ্জামান মিন্টু, গল্পে কবীর রানা, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘সপ্তক’ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান ও সাংবাদিকতায় জি এম সজল। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

কবি সম্মেলনের তৃতীয় দিন ছিল কবিতাভ্রমণ। ঐতিহাসিক বেহুলার বাসরঘর এবং মহাস্থানগড় ভ্রমণের মধ্য দিয়ে শেষ হয়েছে বগুড়া লেখক চক্রের এই কবি সম্মেলন। কবিতা ভ্রমণের প্রথমেই বেহুলার বাসরঘর ভ্রমণে যান কবিরা। ভ্রমণ শেষে কবিতা পাঠ এবং কবি আড্ডার আয়োজন করা হয় ঐতিহাসিক বেহুলার বাসর ঘরের সবুজ চত্বরে।