বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এ পর্যন্ত ২০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার জন্য প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স বা প্রাক-যোগ্যতা সনদ প্রদান করেছে। এর মধ্যে ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে শিল্প স্থাপনে চূড়ান্ত লাইসেন্স প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হোসেন্দি ইকোনমিক জোনের লাইসেন্স গতকাল আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। রাজধানীর বেজা কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশীদ, আশোক কুমার বিশ্বাস, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুল রহমান, হোসেন্দি ইকোনমিক জোনের চেয়ারম্যান শম্পা রহমান উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বেতাকি, ভবানিপুর, রগুরচর ও হোসেন্দি মৌজা নিয়ে প্রস্তাবিত হোসেন্দি ইকোনমিক জোনটি অবস্থিত। এর পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহমান। আয়তন ১০৮ দশমিক ০৫৭ একর। অনুষ্ঠানে জানানো হয়, জোনটি সফল বাস্তবায়ন হলে প্রায় দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এর মাধ্যমে সরাসরি প্রায় ১০ হাজার ১২৪ জনের এবং পরোক্ষ ভাবে আরো প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।