টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক সংস্কারে কার্যাদেশ হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের সাবরাং হারিয়াখালী-শাহপরীর দ্বীপ সড়কের সংস্কার প্রকল্পের কার্যাদেশ  বুধবার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে সওজ কক্সবাজার কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সদস্য প্রকৌশলী বদিউল আলম, কার্যাদেশপ্রাপ্ত আল-আমিন কনস্ট্রাকশন ও এম এ এইচ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারিরা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। এর মাঝে সাবরাং হারিয়াখালী-শাহপরীর দ্বীপ উত্তরপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক ২০১১ সালের শেষের দিকে জোয়ারের তোড়ে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়। কার্পেটিং উঠে গিয়ে অস্তিত্বহীন হয়ে যাওয়া সড়কের কারণে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ২০১৮ সালে সড়কটি সংস্কারের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় ৬৭ কোটি ৭৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। পরবর্তীতে ৫৪ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা প্রকল্প ব্যয় ধরে চূড়ান্ত অনুমোদন এসেছে। এরই অনুকূলে নির্মাণকাজও শুরু হয়েছে বুধবার।