পশ্চিমের মাঠেমাঠে মধু সংগ্রহে মৌ খামার

পশ্চিমের জেলাগুলোর মাঠ জুড়ে রয়েছে সরিষা ফুলের সমারোহ। এখন মাঠে সবজি ছাড়া তেমন কোনো ফসল নেই। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হলুদ রঙের সরিষা খেতগুলো চোখ জুড়ানো দৃশ্যের সৃষ্টি করেছে। আর যেসব মাঠে সরিষার আবাদ বেশি তার পাশে মৌয়ালরা স্থাপন করেছে মৌ খামার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক মো. আলি জানান, যশোর জেলায় ১৩ হাজার ৬৪০ হেক্টরে, ঝিনাইদহে ১০ হাজার ২০০ হেক্টরে, মাগুরায় ১৩ হাজার ৩১০ হেক্টরে, মেহেরপুরে ৩ হাজার ৯৫০ হেক্টরে, চুয়াডাঙ্গায় ২ হাজার ৮৩৬ হেক্টরে ও কুষ্টিয়া জেলায় ৭ হাজার ৫১০ হেক্টরে সরিষা চাষ হয়েছে। তিনি আরো জানান, এ পর্যন্ত এ অঞ্চলে স্থাপিত মৌ খামারগুলোতে ১৩ হাজার কেজি মধু উত্পাদন হয়েছে। আরো ১২-১৩ হাজার কেজি মধু উত্পাদন হবে।  ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর গ্রামের মাঠে মৌ খামার করেছেন মো. মিলন হোসেন। তিনি জানান, এ পর্যন্ত ১৩ মণ মধু সংগ্রহ করেছেন। আরো অন্তত ১২ মণ মধু সংগ্রহ হবে সরিষা ফুল থেকে।

অপর মৌ খামারি শৈলকুপার খায়রুল ইসলাম বাকুল জানান, তিনি স্থানীয়ভাবে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন। প্রসেস করে ঢাকায় পাঠিয়ে বিক্রি করেন ৮০০ টাকা দরে।