সুন্দরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ উপজেলায় উত্তম কুমার দেবনাথ নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের ভাই বুধবার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।  উত্তম ঐ মহল্লার নিবারণ চন্দ্র দেবনাথের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তমের ঘর থেকে গোঙ্গানোর শব্দ পেয়ে পরিবারের লোকজন উত্তমকে গলাকাটা ও স্ত্রী ললিতার হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। ললিতাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উত্তমের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যার মূল রহস্য উদ্ঘাটনসহ আসামি গ্রেফতারের তত্পরতা চলছে।