খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার চালিতাতলা গ্রামে ঘটেছে ঐ সংঘর্ষের ঘটনা। আহতদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঐ গ্রামটিতে কাক্কা মোল্যা গ্রুপ ও ইদ্রিস গাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত্ আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছে। ঐদিন সকাল আটটার দিকে স্থানীয় চালিতাতলা খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ইদ্রিস গাজীসহ (৬০) পাঁচ জন আহত হয়। কালিয়া থানার পরিদর্শক তদন্ত মো. ইকরাম হোসেন বলেছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।