হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে মাঠে গরু চরানোকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ঐ গ্রামের নোওয়াব আলী ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে মাঠে গরু চরানো নিয়ে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন খবর পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ ৩০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।