বরিশালের মুলাদীতে মীম নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার পশ্চিম চরকালেখান গ্রামের সবুজ সরদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। মীম চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের দাবি মীম আত্মহত্যা করেছে। স্কুল ছাত্রীর মা শাহনাজ বেগম জানান, সকালে সে বিদ্যালয়ে যায় এবং ভর্তি হয়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরে আসে। এ সময় মেয়েকে বিষণ্ন দেখাচ্ছিল। বিকালে ঘরের মধ্যে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ মো. ফয়েজ উদ্দীন মৃধা জানান স্কুল ছাত্রীর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।