কিশোরগঞ্জে ফিরোজা নার্সিং ইনস্টিটিউটের চূড়ান্ত বর্ষের ছাত্র রাজীব আহমদ (২১) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার তেরহাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার চাচা অ্যাডভোকেট আল আমিন মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
নিহতের আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, প্রতিবেশী সুজন মেম্বার ও তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এদিন বিকালেও উভয় পক্ষের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। রাত ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে রাজীব ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত এবং তার চাচা অ্যাডভোকেট আল আমিন গুরুতর আহত হন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু আবকর সিদ্দিক জানান, পারিবারিক কলহের কারণেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বুধবার বেলা ২টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।