দেশের একমাত্র নারী ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) বা ট্রেনে টিকিট পরীক্ষক আলিয়া জাহান ওরফে রানী মঙ্গলবার অবসরে গেলেন। চিলাহাটি-রাজশাহী অথবা চিলাহাটি-ঢাকা রেলপথে ট্রেনযাত্রীদের কাছে তিনি রানী আপা নামে পরিচিত। সৈয়দপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবার বিকালে কথা হয় আলিয়া জাহানের সঙ্গে। তিতুমীর এক্সপ্রেস ট্রেনে তিনি শেষ ডিউটি করছিলেন। তিনি জানান, ১৯৮৪ সালে ১৩ জুলাই কনিষ্ঠ টিটিই হিসেবে চাকরিতে যোগদান। বাবা আলিপউদ্দিনও ছিলেন রেলওয়ে কর্মচারী। স্বামী শাকিল আলম বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার বাজারে একজন ব্যবসায়ী। দুই মেয়ে সন্তান রয়েছে আলিয়ার।
আলিয়া জাহানের অবসরের বিষয়ে ঈশ্বরদী হেড কোয়ার্টারের জুনিয়র টিটিই জানান, রানী আপা ছিলেন আমাদের মায়ের মতো। নারী-পুরুষের পার্থক্য বুঝিনি তার কাছে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, আলিয়া জাহানের অবসর রেল অঙ্গনে এক প্রকার আবেগ সৃষ্টি করেছে। তার বিদায় আমরা স্মরণীয় করে রাখতে চাই। খুব শিগগির রেল ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হবে।