জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন ১০ জানুয়ারি ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক দিনের জন্য বন্ধ রাখার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উল্লেখ্য, শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকাল ১ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন যে দিন শুরু হবে, সে দিন দেশের ১২ সিটি করপোরেশনের ২৮ স্পট, ৫৩টি জেলা ও দুইটি উপজেলায় মোট ৮২টি কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।
গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে গঠিত নিরাপত্তা উপকমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ জানুয়ারি বিকালে প্যারেড গ্রাউন্ডের কাউন্টডাউন অনুষ্ঠান এএফডি নিরাপত্তা সমন্বয় করবে। এই অনুষ্ঠানে ২ হাজার আমন্ত্রিত অতিথি ও ১০ হাজার দর্শক আসবেন। দর্শকদের মোবাইল অ্যাপসের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে হবে।