সরকারি জমি লিজ নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের কাছে তা হস্তান্তর করলে লিজ বাতিলের সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সরকারের যেসব খাস জমি বেদখলে আছে তা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়। কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল ও নেছার আহমদ অংশ নেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকারের মৃত্যুতে শোক জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। কমিটি নীলফামারী জেলার গুচ্ছগ্রাম পরিদর্শন করবে বলেও গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।