পুরোনো বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন বছর শুরু প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মধ্যেও পুরাতন বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন। বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল, তার সবগুলো তিনি শেষ করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।

আশরাফুল আলম খোকন বলেন, ‘২০১৯ সালের সব কাজ উনিশ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তাঁর সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।’ ‘টানা তিনবারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পুরোনো কাজ জমিয়ে রাখেন না’ উল্লেখ করে খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। মঙ্গলবার বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তার কাছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবারই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরাতন বছরের সব কাজ শেষ করেছেন।’