জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা ২৭ বছর ক্ষমতার বাইরে, এই সময়ে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি কখনো এককভাবে, কখনো যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা কাউকে দোষ দিই না।’ জাপার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘মনে রাখতে হবে, লিডার ইজ নেভার রং, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। সবার মতামত নিয়ে কাজ করব। তবে দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের শক্তি অর্জন করতে হবে। এর জন্য নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নিজেদের শক্তিশালী করাই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। জনগণ কী চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করব। আমরা কেন্দ্রীয়ভাবেও সেভাবে কর্মসূচি দেব। কারণ আমরা দেশবাসীর কথা চিন্তা করছি। আমরা যদি সবাই এক থাকি, তাহলে সব সম্ভব। সভায় দলের নবনিযুক্ত সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম, সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান এবং অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা প্রমুখ বক্তব্য রাখেন।