দম্পতিসহ সড়ক দুর্ঘটনায় নিহত আট জন

দম্পতিসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রামে নতুন বই নিতে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমার। মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

চৌদ্দগ্রাম (কুমিল্লা) :চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত ও প্রবাসীসহ অপর দুই জন আহত হয়েছেন। নিহতরা হলেন : নোয়াখালীর কবিরহাট উপজেলার নরসিনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩) ও তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা রুমি আক্তার (১৯)। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম: নতুন বছরে বই আনতে গিয়ে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নির্মম মৃত্যু হয় ১০ বছরের শিশু রেশমার। গতকাল নগরীর পতেঙ্গা থানার কাটগড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রেশমা কাটগড় ধুমপাড়া এলাকার দিনমজুর মো. শাহনূরের মেয়ে এবং স্থানীয় মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সুজানগর (পাবনা) : সুজানগর-নাজিরগঞ্জ সড়কের কাচুরী নামক স্থানে গতকাল বাসের ধাক্কায় জাহিদুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার চরমানিকদীর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

কালিয়া (নড়াইল): নড়াইল-যশোর সড়কের বাশভিটা এলাকায় মঙ্গলবার মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে গোলাম সাকলাইন প্রত্যয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। প্রত্যয় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা সুলতানা ও প্রয়াত কলেজ শিক্ষক গোলাম মোস্তফা মোল্যার ছেলে।

রাঙ্গামাটি: বাসের ধাক্কায় চট্টগ্রাম ফ্রেন্ড সাইকেলিস্ট অফ বাংলাদেশের মো. সাহিদ হোসেন (২১) নামে একজন নিহত হয়েছেন। গতকাল ঘাগড়া বাজার হতে ১ কিলোমিটার পশ্চিমে বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাহিদ হোসেন চট্টগ্রাম লালের বাড়ি রিয়াজউদ্দিন সড়ক চাঁদগার বাসিন্দা।

নাটোর: সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় গতকাল দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিশিতা পরিবহনের হেলপার লিখন আহমেদ এবং যাত্রী দিঘাপতিয়ার ছাবেদ আলীর ছেলে ফারুক হোসেন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।