গতকাল বুধবার ছিল চলতি শিক্ষাবর্ষের প্রথম দিন। দেশের প্রায় প্রতিটি স্কুলেই হয়েছে বই উত্সব। শিশুরা খালি হাতে স্কুলে এসেছে, ফিরেছে নতুন বই নিয়ে। বুকের কাছে আগলে রেখেছে নতুন বই, শুঁকেছে ঘ্রাণ। তাদের চোখে-মুখে ঝিলিক দিয়ে উঠেছে নতুন দিনের স্বপ্ন। নতুন ক্লাসে উঠে প্রথম দিনই হাতে বই পাওয়ায় শিক্ষার্থীরা ছিল বেশ উচ্ছ্বসিত। দেশের কোথাও স্কুলের মাঠে আবার কোথাও খেলার মাঠে এ বই বিতরণ করা হয়। দেশের প্রতিটি আয়োজনই ছিল উত্সবমুখর।
কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বই উত্সবের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক পর্যায়ে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় শুরু হয় বই উত্সব। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বই উত্সবে রাজধানীর বিভিন্ন এলাকার ২৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ হাজার খুদে শিক্ষার্থী ও ছয় শতাধিক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উপস্থিত ছিলেন। ভোর ৬টা থেকে শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে বিনা মূল্যে বই বিতরণ উত্সব ২০২০ উদ্বোধন করেন। বই বিতরণ উত্সবের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা বেশে নাচে-গানে মঞ্চ মাতিয়ে তোলে। পরে অতিথিদের বক্তব্যের পর খুদে শিক্ষার্থীদের হাতে দুটি করে নতুন বই তুলে দেওয়া হয়। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিতি এই উত্সবের আনন্দ আরো বাড়িয়ে দেয়।
চলতি শিক্ষাবর্ষে বিতরণের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে, যা গতবারের চেয়ে ১০ লাখ বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে। এরই মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি বই এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই রয়েছে।
২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক স্তরে ৬৬ লাখ ৭৬ হাজার ১০০টি বই, প্রাথমিক স্তরের জন্য ৯ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ১৭২টি বই ছাপা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচটি ভাষার ৯৭ হাজার ৫৭২ শিশু রয়েছে। এদের জন্য প্রাক্-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২ লাখ ৩০ হাজার ১৩০টি বই ছাপানো হয়েছে। স্কুলে পড়ুয়া ৭৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছে। এদের জন্য ছাপা হয়েছে ৯ হাজার ৫০৪টি বই।
মাধ্যমিক স্তর ও মাদ্রাসার দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই। ইবতেদায়ি (মাদ্রাসার প্রাথমিক) স্তরের জন্য ছাপানো হয়েছে ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি বই। এসএসসি ভোকেশনালের জন্য ১৬ লাখ ৩ হাজার ৪১১টি বই এবং এসএসসি ভোকেশনালের জন্য ২৭ লাখ ৬ হাজার ২৮টি বই এবং দাখিল ভোকেশনালের জন্য ছাপানো হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৬৫টি বই।
এবার বিনা মূল্যের বই ছাপাতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিকের জন্য ৩৫০ কোটি এবং মাধ্যমিকের জন্য ব্যয় হয়েছে ৭৫০ কোটি টাকা। ২০১০ সাল থেকে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে সরকার বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করছে।