চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের গাছা থানাধীন ড্যাগের চালা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন—জালাল শেখ (২১), লিমন (৩২), রাশেদ ওরফে জিহাদ মাহমুদ জীবন (২৪), মাসুদ আলম (২০), আবু তাহের (২১), ইসমাইল হোসেন আবির (২৫), অসিফ (১৯), আব্দুল লতিফ (৫৯), জিলাল (৫৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত তিনটি ল্যাপটপ, ১১ লাখ ২৫ হাজার টাকা এবং প্রতারণার শিকার ১৫০ জনকে উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, বেকার ও নিরীহ যুবকদের চাকরি দেওয়ার নাম করে প্রশিক্ষণের নামে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার ৫০০ টাকা এবং ভর্তি ফি বাবদ ১৭৫০ টাকা আদায় করে। প্রতি ব্যাচে ১০০ থেকে ১৫০ জন যুবকদের সাত দিনে প্রশিক্ষণ দিয়ে এলাকায় পাঠিয়ে আরো প্রার্থীর সন্ধান করতে বলা হয়। ভুক্তভোগী নিরীহ যুবকরা এলাকায় গিয়ে নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবদের ঐ কোম্পানিতে যোগদানের জন্য প্রভাবিত করে। কিন্তু কোনো প্রার্থীই চাকরি পেয়েছে এমন কোনো নজির নেই। এভাবে কয়েকশ বেকার যুবকদের কাছ থেকে কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেয় এই চক্রটি।