ঢাকা থেকে জেএমবির সক্রিয় সদস্য আটক করেছে র্যাব-৮

ঢাকার খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা থেকে মো. জোবাইদুল ইসলাম নামে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্য আটক করেছে বরিশাল র্যাব-৮। গত ৩০ ডিসেম্বর রাতে আটক জোবাইদুল লালমনিরহাটের কালীগঞ্জ থানার কিসমাত মাদাতী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা থেকে মো. জোবাইদুল ইসলামকে আটক করা হয়। জোবাইদুল র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে জেএমবির একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে স্থানীয় লালমনিরহাটে মাদ্রাসা থেকে দাখিল এবং কামিল পাশ করে। ২০০৯ সালে ঢাকায় এলএলবি এবং কামিল লেখাপড়া শেষ করে। সে স্থান ও সময়ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা গ্রহণ করে। ঢাকায় লেখাপড়া করাকালীন শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় সে এবং ঢাকা, গাজীপুর, কুমিল্লা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে জেএমবির দাওয়াতি কর্মকাণ্ড করে। জোবাইদুল নিষিদ্ধ সংগঠন জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। সংগঠনকে নতুন করে শক্তিশালী করতে সে পরিকল্পনা অনুযায়ী কাজ করে আসছিল। আটক জোবাইদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়।