কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুরসহ সহিংসতা ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার এ চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন করে এ দিন ধার্য করেন।
মামলা থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ এপ্রিল রাত ১টার দিকে বিক্ষোভকারীরা উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন। তারা মূল ফটক ভেঙে এবং দেয়াল টপকে বাসায় ঢোকেন। এ সময় তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এক পর্যায়ে বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
আরো পড়ুন : ক্যান্সার হাসপাতালের আইসিইউ নিয়ে হাইকোর্টের রুল
ভিসি ভবনে হামলার ওই ঘটনায় গত বছরের ১০ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেন। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় একটি এবং ওয়াকিটকি ছিনতাই ও অন্যান্য ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকি দুটি মামলা করেন।
মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি। এজাহারে ঢাবি ভিসির বাড়িতে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়। বাসস
ইত্তেফাক/ইউবি