নির্বাচনী ভাবনা নিয়ে কাল একমঞ্চে  মেয়রপ্রার্থীরা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ঘিরে দলে দলে রবরব পরিবেশ। সাধারণ মানুষদের মাঝেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই। ফুরফুরে সময় কাটাচ্ছেন ঢাকার ভোটাররা। এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ মেয়র প্রার্থী উঠবেন এই মঞ্চে। বলবেন নির্বাচন ভাবনা।

 

আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রিডি হলে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফোরামের দফতর সম্পাদক তালুকদার বিপ্লব।

 

জানা যায়, ‘টেকসই নগর উন্নয়নে মেয়রপ্রার্থীদের ভাবনা’ শীর্ষক নগর সংলাপটি অনুষ্ঠিত হবে। ফলে প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থীরা তাদের নির্বাচনী ভাবনা নিয়ে হাজির হচ্ছেন একমঞ্চে উপস্থিত হবেন তাদের স্ব স্ব নির্বাচনী ভাবনা নিয়ে। টেকসই নগর উন্নয়নের বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরতে এমন আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।

 

সংলাপটিতে অংশ নেবেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন । ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটিতে ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

ইত্তেফাক/আরআই/ইউবি