ঢাকা উত্তরে জাপার মেয়রপ্রার্থীর মনোনায়ন বাতিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের মনোনায়ন বৈধ ঘোষণা করলেও উত্তর সিটিতে জাতীয় পার্টির প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়। ঢাকা সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় জাতীয় পার্টির উত্তরের মেয়র প্রার্থী কামরুলের মনোনায়ন বাতিল করা হয়েছে বলে জানা যায়।  

 

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান, একজন ব্যক্তিকে প্রার্থী হতে হলে তাকে ওই এলাকার ভোটার হতে হয়। কিন্তু উত্তরের মেয়র প্রার্থী কামরুল ইসলাম ঢাকা সিটির ভোটার নন। তাই তাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং তার মনোনায়ন পত্র বাতিল করা হয়েছে। ঢাকা উত্তর সিটিতে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালসহ বাকি ছয়জনের মনোনয়ন বৈধ।

 

উল্লেখ্য, গত রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টি থেকে মনোনয়ন পান।

 

দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/আরআই/ইউবি