শহরগুলোর বহর বেড়ে
চলছে তা ধেই বাঁধন ছেড়ে
হঠাত্ দেখি সেই শহরে
গলির ভেতর ঢুকছে পাড়া!
চার হা রা রা
চার হা রা রা।
গৈ গেরামে যেই তাকালুম
মুরগি ডাকে হালুম হালুম
ষাঁড়গুলো নিজ শিংগুলোকে
ভেড়ার কাছে দিচ্ছে ভাড়া!
চার হা রা রা
চার হা রা রা।
ঘুরছি, দেখি চতুর্দিকে
হচ্ছে কবি গল্প লিখে
টাকডুমাডুম বাজছে সানাই
ঢোল ও ঢাকের বাদ্য ছাড়া!
চার হা রা রা
চার হা রা রা।
খালের পুঁটি খলসেগুলো
হাঁটছে পথে, উড়ছে ধুলো
বাঘের লেজুর কামড়ে ধরে
নিচ্ছে টেনে আরশোলারা!
চার হা রা রা
চার হা রা রা।
পিঁপড়েগুলো সারি বেঁধে
মুঠোফোনে ঢুকছে সেধে
কে দিয়েছে ফোনের ভেতর
রোপন করে চিনির চারা!
চার হা রা রা
চার হা রা রা।
শূন্যে নাচে বন্যহাতি
হঠাত্ কোথায় নিয়নবাতি
বিগড়ে গিয়ে সন্ধেবেলা
চাঁদকে ভীষণ করছে তাড়া!
চার হা রা রা
চার হা রা রা।