২০১৯ সালে বেশির ভাগ সময় খারাপ অবস্থার মধ্য দিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। এই সময়ে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতাও কমেছে। বিদায়ী বছরে ২ লাখের বেশি বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন। সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০১৮ সালের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বিনিয়োগকারী ছিল ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। ঠিক এক বছর পর, অর্থাত্ ২০১৯ সালের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বিনিয়োগকারী দাঁড়িয়েছেন ২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জন। অর্থাত্, বছরের ব্যবধানে বাজারে নতুন করে বিনিয়োগকারী কমেছে ২ লাখ ৪৯৬ জন।
২৫ লাখ ৭৮ হাজার ৩০১ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ১৮৭ জন। ২০১৮ সালের শেষ দিন পুরুষ বিনিয়োগকারী ছিলেন ২০ লাখ ২৭ হাজার ৫ জন। অর্থাত্, বছরের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী কমেছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ জন। একই সময়ে নারী বিনিয়োগকারী ৫৩ হাজার ২৪৮ জন কমেছে। ২০১৮ সালের শেষ কার্যদিবসে নারী বিনিয়োগকারী ছিলেন ৭ লাখ ৩৯ হাজার ২১২ জন। আর ২০১৯ সালের শেষ কার্যদিবসে নারী বিনিয়োগকারী দাঁড়িয়েছেন ৬ লাখ ৮৫ হাজার ৯৬৪ জনে।
২০১৯ সালের শেষ কার্যদিবসে কোম্পানি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫০টি। ২০১৮ সালের শেষ কার্যদিবসে কোম্পানি বিনিয়োগকারী ছিল ১২ হাজার ৫৮০টি। অর্থাত্, এক বছরে কোম্পানি বিনিয়োগকারী বেড়েছে ৫৭০টি।
২০১৮ সালের শেষ কার্যদিবসে দেশি বিনিয়োগকারী ছিলেন ২৬ লাখ ২ হাজার ৫৫২ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবসে দেশি বিনিয়োগকারী দাঁড়িয়েছেন ২৪ লাখ ১৯ হাজার ৬২৮ জনে। এক বছরে দেশি বিনিয়োগকারী কমেছে ১ লাখ ৮২ লাখ ৯২৪ জন।
একই সময়ে বিদেশি বিনিয়োগকারী কমেছে ১৮ হাজার ১৪২ জন। ২০১৮ সালে বিদেশি বিনিয়োগকারী ছিলেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। ২০১৯ সালের শেষ কার্যদিবসে বিদেশি বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২৩ জনে।