হামজার প্রথম

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী নিউক্যাসলের বিপক্ষে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পেলেন। এর আগে জেমস ম্যাডিসন আর আয়োজে পেরেজের করা গোলে ভর করে ৩-০ গোলের জয় নিয়ে তালিকার শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে লেস্টার সিটি।

জন্ম বাংলাদেশে না হলেও পারিবারিক সূত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হামজার। মা রাফিয়া চৌধুরীর বাড়ি হবিগঞ্জে হওয়ার কারণে বাংলাদেশে নিয়মিতই আসা হয় তার। মাসখানেক আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে দেশের প্রতি ভালো লাগাটা প্রকাশ করেছিলেন লেস্টার সিটি মিডফিল্ডার।

এই একই কারণেই বাংলাদেশের ফুটবলামোদিদেরও কাছের মানুষ হয়ে উঠছেন হামজা। অপর দিকে তার কোচ রজার্স জানিয়েছিলেন ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ এক অংশই হয়ে উঠছেন হামজা। বলেছিলেন, ‘আমি তাকে না খেলানোর কথা ভাবতেই পারি না। সে এক কঠিন খেলোয়াড়। সে এমন এক তরুণ যে তার লড়াইয়ের নেতা এবং আমরা যখনই প্রয়োজনে পড়ি তখনই তাকে পাশে পাই।’

সে ভরসাটা রজার্স গত বুধবার রাতে নিউক্যাসলের বিপক্ষেও রেখেছিলেন হামজার ওপর। আয়োজে পেরেজ আর জেমস ম্যাডিসনের গোলে এগিয়ে থাকার ফলে ৭৭তম মিনিটে মাঠে আনেন কোচ। তার ঠিক ১০ মিনিট পরই হামজা পেলেন প্রথম গোলের দেখা। ২০ গজ দূর থেকে দূরপাল্লার এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ৩৭তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পাওয়া হামজা অবশ্য এবারই প্রথম পাদপ্রদীপের আলোয় আসেননি। এর আগে অবশ্য কারণটা ইতিবাচক ছিল না মোটেও। লিভারপুলের বিপক্ষে ম্যাচে মোহামেদ সালাহকে ফাউল করে কোচ য়ুর্গেন ক্লপের রোষানলে পড়েছিলেন তিনি।