ফরিদাবাদের রাস্তা

দীর্ঘদিন থেকে পুরনো ঢাকার ফরিদাবাদ, মিলব্যারক, আইজি গেইট ও করিমউল্লাহবাগের রাস্তাগুলোর অবস্থা এতই শোচনীয়, যা ভাষায় প্রকাশ করা দুষ্কর। এসব রাস্তা যানবাহন যেমন রিকশা, ভ্যানগাড়ি, বাস-ট্রাক, স্কুটার, প্রাইভেট ট্যাক্সি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। পাঁচ-সাত বছর আগে দুর্বল নির্মাণসামগ্রী দিয়ে কোনো রকম সংস্কার করা হলেও বর্তমানে বিধ্বস্ত (বিশেষ করে কে বি রোড ও হরিচরণ রায় রোডের অবস্থা চরম খারাপ)। এলাকাবাসীর দুর্ভোগ সীমাহীন। ভাঙাচোরা রাস্তার জন্য অহরহ দুর্ঘটনা ও স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াতে সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। আশা করি জরুরিভিত্তিতে পুরনো ঢাকার ফরিদাবাদ, মিলব্যারক, আইজি গেটের রাস্তাগুলো সংস্কার করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪