এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভারতের মুকেশ আম্বানি বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজনকে বড়ো ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলেছে, তারা গ্রোসারি ডেলিভারি সার্ভিসে সাইন আপ করার জন্য লোকজনকে আমন্ত্রণ জানাচ্ছে। তারা মূলত ব্যবসার জন্য ভারতের বিপুলসংখ্যক মোবাইল ফোন গ্রাহককে টার্গেট করে এগোচ্ছে। আর নতুন এই ই-কমার্স উদ্যোগ বড়ো অনলাইন শপগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
আম্বানির বাণিজ্য সাম্রাজ্যের দুই সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স রিটেইল ও রিলায়েন্স জিও জানিয়েছে, তারা যৌথভাবে নতুন উদ্যোগের সূচনা করেছে, যার নাম জিওমার্ট। তারা বলেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বা গ্রোসারি পণ্যের ফ্রি ও এক্সপ্রেস ডেলিভারি সেবা দেবে তারা। এ ধরনের অন্তত ৫০ হাজার পণ্য পাওয়া যাবে নতুন এই অনলাইন শপে। আর জিওমার্ট গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবে অ্যাপের মাধ্যমে। খবর বিবিসি বাংলার।
যদিও ভারতের অনলাইন গ্রোসারি মার্কেট এখনো খুব একটা জমে ওঠেনি, কারণ এখনো বছরে লেনদেনের পরিমাণ মাত্র ৮৭০ মিলিয়ন ডলার। আর জনসংখ্যার শূন্য দশমিক ১৫ ভাগ এ ধরনের সেবা গ্রহণ করছে। তবে বিশ্লেষকদের ধারণা, ২০২৩ সাল নাগাদ অনলাইন গ্রোসারি শপে বেচাকেনার পরিমাণ দাঁড়াবে প্রায় সাড়ে ১৪ বিলিয়ন ডলার। ভারতের অনলাইন মার্কেট এখন মূলত নিয়ন্ত্রণ করছে অ্যামাজন আর ফ্লিপকার্ট। তবে গত বছরের নতুন একটি আইনের কারণে এ ধরনের কোম্পানিগুলো কিছুটা হোঁচট খেয়েছে। আর এটাই নতুন ভারতীয় কোম্পানির জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আম্বানি এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং তার সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলারের বেশি।