ইন্দোনেশিয়ায় নতুন বছরের শুরুতে আকস্মিক বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ। রাজধানী জাকার্তার একটি বড়ো অংশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বছরের শুরুতেই বিপাকে পড়েছে বহু মানুষ।
জাকার্তায় প্রায় ৩ কোটি মানুষ বাস করেন। বর্ষাকালে সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রায়ই বন্যা পরিস্থিতি তৈরি হয়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এমন পরিস্থিতি থাকে। এবারের বন্যায় জাকার্তার আশপাশের অন্তত ৯০টি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, জাকার্তা এবং আশপাশের শহরগুলোতে বৃষ্টিপাতের ফলে বন্যায় কমপক্ষে ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে অধিকাংশই হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকা) মারা গেছেন। এক কিশোর বিদ্যুত্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ অবস্থায় জাকার্তায় বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জাকার্তার অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। প্রায় ২০ হাজার যাত্রী সেখানে আটকা পড়ে।
এবারের বন্যায় বেশ কিছু স্থানে পানি ১০ ফুটের ওপরে উঠে যাওয়ায় অনেক বাড়িঘর ডুবে যায়। সেখান থেকে ১৯ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে কাছাকাছি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। জাকার্তার গভর্নর আনিয়েস বাসওয়েদান বলেন, জাকার্তা ও পশ্চিম জাভা এলাকায় তিন দফায় ১৪.৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।