একসঙ্গে একাধিক ওষুধ সেবনে সাবধান হোন

একাধিক শারীরিক সমস্যার কারণে একই সময় একাধিক ওষুধ অনেকেই সেবন করেন। বর্তমানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হূদরোগ, থাইরয়েডের সমস্যা, ডিপ্রেশন, অ্যালার্জি, ব্যথার সমস্যার ওষুধ নিয়মিত সেবন করতে হয়। এর মধ্যে যাদের একাধিক সমস্যা আছে তাদের প্রতিদিন প্রতিবেলায় ওষুধ সেবন করতে হয়। তাই সেই ক্ষেত্রে ওষুধ সেবনের সময় সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ একাধিক ওষুধ একই সময় সেবন করা হলে একে অপরের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। আবার বাড়িয়েও দিতে পারে বা প্রতিক্রিয়া হতে পারে। তাই যখনই কোনো চিকিত্সক একটি নতুন ওষুধ দেবেন তখন আগের ওষুধ বা ব্যবস্থাপত্র চিকিত্সককে দেখাতে হবে। অনেকে বিভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ নেন। সেই ক্ষেত্রে প্রত্যেককে আলাদা করে অন্য চিকিত্সকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। ওষুধের দোকানদার, আত্মীয় বা প্রতিবেশীর পরামর্শে ওষুধ পরিবর্তন করা উচিত নয়। কারণ রোগ এক হলেও একই ওষুধ সবার জন্য প্রযোজ্য নয়। নতুন ওষুধ খাবার আগে না পরে তা ব্যবস্থাপত্রে ভালোভাবে দেখে জেনে সেবন করতে হবে।

লেখক : ডা. সঞ্চিতা বর্মন, ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ