শিশু সায়মা ধর্ষণ-হত্যা

আসামি হারুনের বিচার শুরু

রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি হারুন অর রশিদের (২৬) বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৮ জানুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান এ আদেশ দেন। অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলায় আসামির বিচার শুরু হলো বলে জানিয়েছেন আইনজীবীরা। গত বছরের ৫ জুলাই সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শিশু সায়মা (৭)। অনেক খোঁজাখুঁজির পর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ারী এলাকার বনগ্রামের একটি ভবনের নবম তলায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার গলায় রশি প্যাঁচানো, মুখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ছিল। ঘটনার পরদিন সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, রঙের দোকানের কর্মচারী হারুন ধর্ষণের পর সায়মাকে শ্বাসরোধে হত্যা করেন। ওয়ারীতে যে ভবনে সায়মা তার বাবা-মার সঙ্গে থাকত, ঐ ভবনের আরেকটি ফ্ল্যাটে অতিথি হয়ে এসেছিলেন আসামি হারুন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। সায়মা স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল।