তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও বিতর্কিত করা। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে অংশ না নিয়ে, জয়লাভের উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিতে তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
‘সরকারের পতন হবে’ মর্মে বিএনপি নেতাদের হঠাত্ এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, ‘তার এই বক্তব্যেই প্রমাণ করে তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। অতীতেও আপনাদের ষড়যন্ত্র মানুষ দেখেছে এবং ব্যর্থ করে দিয়েছে।’ সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম আজীবনই নির্মোহ এবং নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিকে একটি ব্রত হিসেবে নিয়ে আজীবন নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করে গেছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আখতার হোসেন ও বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, কবি নাসির আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।