সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নোয়াখালীর সেনবাগ-প্রতাপপুর সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়ক ভেঙে পাশের খালে পড়ে যাচ্ছে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেনবাগ-প্রতাপপুর সড়কের শাহ আলম দরবেশের মাজার সংলগ্ন স্থানে সড়কের প্রায় অর্ধেক অংশে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা এড়াতে যানবাহনের সতর্কতার জন্য সাদা কাপড় ঝুলিয়ে দিয়েছেন। কিন্তু এরপরও দ্রুতগতিতে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ছোটো-খাটো দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, সড়কটি ছিল আগে ১২ ফুট প্রশস্ত। বছরখানেক আগে সওজের উদ্যোগে সড়কটি সংস্কারের পাশাপাশি ১৮ ফুট প্রশস্ত করা হয়। কিন্তু সড়ক প্রশস্ত ও সংস্কারের সময় সড়কের পার্শ্ববর্তী খালে ভাঙন প্রতিরোধক দেওয়াল নির্মাণ হয়নি। এতে সড়কটির চাঁদপুর গ্রামের শাহ আলম দরবেশের মাজার সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেয়।
সিএনজিচালিত অটোরিকশা চালক লোকমান হোসেন জানান, সড়কের এক পাশের কিছু অংশ খালে ভেঙে পড়ায় এবং আরো কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় ঐ পাশে গাড়ি চালানো এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পিকআপভ্যান চালক মো. লিটন জানান, সেনবাগ-প্রতাপপুর সড়কটি দীর্ঘদিন যানবাহন চলাচল অনুপযোগী ছিল। সম্প্রতি সড়কটি মেরামত করা হলেও সড়কের মাজার এলাকায় কিছু অংশ খালে ভেঙে পড়েছে এবং বড়ো একটি অংশে ফাটল দেখা দিয়েছে। এ কারণে তিনি নিজেও মালামাল নিয়ে ঐ সড়কে যাতায়াত বন্ধ করে দিয়েছেন।
সওজ নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, ‘সেনবাগ-প্রতাপপুর সড়কের কিছু অংশ খালে ভেঙে পড়ার বিষয়টি সম্পর্কে অবগত আছি। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। ঠিকাদারি প্রতিষ্ঠান ভেঙে পড়া সড়ক দ্রুততম সময়ের মধ্যে মেরামত করে দেওয়ার কথা জানিয়েছে। আশা করছি শিগিগরই সড়কটি মেরামত করা হবে।’