পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ২৭২ কোটি টাকা ব্যয়ে ৯৬ কিলোমিটার ভৈরব নদ খনন কাজ চলমান আছে। খনন শেষে ভৈরব নদে ছোটো ছোটো নৌকা ও স্টিমার চলাচল করতে পারবে। এতে পণ্য পরিবহনে সুবিধা হবে। তিনি বলেন, নদের ওপর ছোটো ছোটো সেতু আছে। এগুলো নৌপরিবহনে বাধার সৃষ্টি করবে। এজন্য এসব সেতু অপসারণ করে বড়ো সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের সভায়।
বৃহস্পতিবার যশোর সদর উপজেলার বিজয়নগর ও দৌলতদিহি এলাকায় ভৈরব নদ খনন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরে প্রতিমন্ত্রী ভবদহ এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত পরিচালক হাবিবুর রহমান, খুলনার প্রধান প্রকৌশলী সিদ্দিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম প্রমুখ।