সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ তিন জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় পাইনাদী সিআইখোলার ছয় তলা বিশিষ্ট ইতালী ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলো—কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার পাইপে থাকা লিকেজ দিয়ে গ্যাস বের হতে পারে অথবা চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ায় বাসায় গ্যাস জমে যায়। ভোরে চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আমরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ ভাগ, স্ত্রী রেখা বেগমের ২০ ভাগ ও মেয়ে সুফিয়ার ৫ ভাগ পুড়ে গেছে। গৃহকর্তা কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।