কালিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি সচিব আটক

সামাজিক নিরাপত্তা সহায়তার অর্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের নামে আত্মসাত্সহ ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউপি সচিব মো. মহিদুল ইসলামকে আটক করেছেন কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা। জয়নগর ইউপির একজন সদস্য মো. কামরুল ইসলম কর্তৃক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়েরকৃত লিখিত অভিযোগের তদন্তকালে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক ইউপি সচিবকে উপজেলার নড়গাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগটির তদন্তভার কালিয়ার ইউএনওর ওপর ন্যস্ত করলে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঐ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেন ইউএনও। তদন্তকালে জয়নগর ইউপি সচিব মো. মহিদুলের বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা সহায়তা, ভিজিডি, বিধবা ভাতা, বয়স্কভাতা ও মাতৃত্বকালীন ভাতার টাকা পরিবারের সদস্যসহ স্বজনদের নামে আত্মসাত্ ও সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিললে তদন্ত কর্মকর্তা তাত্ক্ষণিকভাবে সচিবকে আটক করে পুলিশে  সোপর্দ করেন।  কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেছেন, তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ঐ ইউপি সচিবকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।