লোহার মজুত ও পরিধি যাচাই

হিলিতে তৃতীয় কূপ খনন শুরু

দিনাজপুরের হিলিতে লোহার খনির মজুত ও পরিধি যাচাইয়ে তৃতীয় কূপ খনন শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। এ উপলক্ষ্যে গত বুধবার বেলা দুটায় উপজেলার ভাটরা এলাকায় তৃতীয় কূপ খনন কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মঈনউদ্দিন আহম্মেদ, পরিচালক (অপারেশন) নিজামউদ্দিন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এর আগে ২০১৩ সালে উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ছয় বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে দ্বিতীয় পর্যায়ে কূপ খনন করে সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নিচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তর পাওয়া যায়।