তাপস-আতিককে পূর্ণ সমর্থন ১৪ দলের

নয়া কৌশল নিয়ে প্রচারে নামার পরিকল্পনা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হতে আরো ৬ দিন বাকি। নৌকা ও ধানের শীষের এই লড়াইয়ে নতুন কৌশল নিয়ে প্রচারে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশাল ইমেজ আর বর্তমান সরকারের টানা ১১ বছরের উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে প্রচারণায় নামবে আওয়ামী লীগ। পাশাপাশি তুলে ধরা হবে মশা-মাদক নির্মূল করে সমৃদ্ধ আগামীর পরিকল্পনার কথাও। বিএনপির অগ্নিসন্ত্রাস, পুড়িয়ে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াওয়ের ঘটনাও উঠে আসবে নৌকার প্রচারণায়। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ভোটার তুষ্টির বহুমুখী কৌশল নিয়ে জনগণের দোরগোড়ায় যাবে দলটি। মানুষের ঘরে ঘরে আওয়ামী লীগের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীরা কাজ করবেন।

জানা গেছে, নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণার জন্য দুটি টিম গঠনের কাজ চলছে। দুই একদিনের মধ্যে এই টিম গঠন করা হবে। এছাড়া দুই মেয়র প্রার্থী নিজ উদ্যোগে প্রচারণা চালাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে তারা প্রচারণা চালাবেন। প্রচারণার সার্বিক বিষয় নিয়ে আজ শুক্রবার ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠকে বসবেন। নির্বাচিত হলে নগরীতে মশা নির্মূল করাকে চ্যালেঞ্জ হিসেবে নিবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করতে চান তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, তিনি নির্বাচিত হলে উত্তর সিটি এলাকায় কোনো রোড কাঁচা থাকবে না। অন্ধকার নয়, আলোকিত হবে রাজধানী।  

জানা গেছে, নির্বাচনী প্রচারণায় গত ১০ বছরে তাদের যে অর্জন, সেগুলোকেই সামনে তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে মহাকাশে বিজয় পতাকা, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, পদ্মা সেতু, মেট্রোরেল, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুত্, দারিদ্র্য বিমোচন, চিকিত্সা খাতে উন্নয়ন, ইন্টারনেট সুবিধা, কৃষিতে নীরব বিপ্লব, অবকাঠামোগত উন্নয়ন, বিনামূল্যে বই বিতরণ, নারীর অগ্রগতি, ছিটমহল জয়, সমুদ্র বিজয়, কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতি।

তাপস-আতিককে সমর্থন ১৪ দলের

এদিকে ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে পূর্ণ সমর্থন দিয়েছে ১৪ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের সমর্থন দেওয়া হয়।

বৈঠক শেষে মোহাম্মদ নাসিম ইত্তেফাককে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তাপস-আতিককে পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি ১৪ দলীয় জোটগতভাবে দুটি প্রচারণা টিমও গঠন করা হয়েছে। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রচারণায় নামবে ১৪ দলীয় জোট। সন্ত্রাস-জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে আছে জোট।

বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ওয়ার্কার্স পার্টির সাধারণ  সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টির-জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।