মুজিববর্ষ উদ্যাপন ও শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে মিশনপ্রধানদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশে মুজিববর্ষ পালন ও স্বল্পোন্নত দেশ  হতে উত্তরণের পরও বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বজায় রাখতে বিদেশস্থ বাংলাদেশের মিশনপ্রধানদের জোর কূটনৈতিক তত্পরতা চালানোর নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্প্রতি বিদেশস্থ বাংলাদেশের মিশনপ্রধানদের কাছে লেখা পৃথক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী এসব নির্দেশনা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশস্থ বাংলাদেশের মিশনপ্রধানদের স্বাগতিক দেশের সরকার, সুশীল সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিদেশে মুজিববর্ষ পালন করার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এক চিঠিতে তিনি বলেন, মুজিববর্ষ পালন আমাদের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি জাতি হিসেবে আমাদের পরিচয়, বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভূমিকার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।

আরেক চিঠিতে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পরও বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা বজায় রাখতে বিদেশস্থ বাংলাদেশের মিশনপ্রধানদের জোর কূটনৈতিক তত্পরতা চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি। স্বাগতিক দেশের সরকার, নীতিনির্ধারক এবং আমদানিকারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতেও নির্দেশ দিয়েছেন তিনি।