বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার সময় ইত্তেফাক মোড় থেকে বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, সুনির্দিষ্ট কারণে তাজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নাশকতাসহ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

২০১৫ সালে সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকার বংশাল এলাকায় হাতবোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।