সারাদেশে হালকা বৃষ্টি, আসছে ফের শৈত্যপ্রবাহ

সারাদেশে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর শুরু হবে রংপুর বিভাগসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ। শুক্রবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ইত্তেফাক অনলাইনকে এ তথ্য জানান।

তিনি বলেন, গতরাতে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীসহ প্রায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামী ৫ জানুযায়ি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন : কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বাড়ছে

তিনি জানান, শুক্রবার দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

ইত্তেফাক/এমআরএম