বিনোদন রিপোর্ট
তারিখ, মাস কিংবা সাল, কোনোটাই মনে নেই। এতটুকু মনে আছে জায়গাটা জাতীয় প্রেসক্লাব। সেটিই ছিল জনপ্রিয় সংগীতশিল্পী বেবি নাজনীনের প্রথম একক গজল সন্ধ্যা। এরপর অসংখ্য গানের শো করলেও গজলের অনুষ্ঠানে তাকে পাওয়া যায়নি। বেবি নাজনীন জানান, প্রায় ৩৫ বছর তার গজল সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে। তবে এবার দেশে নয়, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনোতে হচ্ছে এটি।
‘বেবী নাজনীনের একক গজল সন্ধ্যা—সাম-ই গজল’ শিরোনামে আজ শো টাইম মিউজিকের ব্যানারে আয়োজন করা হচ্ছে এই শো। যুক্তরাষ্ট্র থেকে আয়োজক আলমগীর খান আলম জানান, বহুমাত্রিক গানের শিল্পী বেবী নাজনীনের অনেক গান রয়েছে। সেসব গান সবাই সবসময় শোনেন। তিনি যে রবীন্দ্র, নজরুল, হিন্দি, উর্দু ও গজলেও পারদর্শী সেটি অনেকেই জানেন না। মূলত সেই ভাবনা থেকেই এই গজল সন্ধ্যার আয়োজন। এছাড়া আমেরিকায় বাংলাদেশি কোনো তারকার গজল সন্ধ্যা এটাই প্রথম।
বেবী নাজনীন বলেন, ‘দেশের অনেক অনুষ্ঠানেই আমি গজল গেয়েছি। দেশের বাইরেও পরিবেশনা করেছি। আসলে কোনো গান কোথায় গাইবো এটা নির্ভর করে কোন ধরনের শ্রোতার সামনে আমি উপস্থিত হচ্ছি। তবে এবারের আয়োজনটি শুধু গজলকে কেন্দ্র করেই। যে কারণে এবারের প্রস্তুতিটাও নিতে হচ্ছে একটু ভিন্নভাবে। বিদেশের মাটিতে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই আয়োজকদের। আশা করছি আজকের অনুষ্ঠানটি সফল হবে।’
আমেরিকার বিভিন্ন শহরে বাংলাদেশি শীর্ষ সংগীত তারকা, চলচ্চিত্র ও নাট্যশিল্পীদের নিয়ে এ ধরনের আয়োজন করে আসছে শো টাইম মিউজিক। সর্বশেষ গত ২০ ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের অন্যতম সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিত্সা সহায়তার জন্য শো টাইম মিউজিক একটি চ্যারিটি শোর আয়োজন করে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। সেখানেও বেবী নাজনীন ছিলেন প্রধান আকর্ষণ।
সাফল্য এবং প্রাপ্তির দীর্ঘ সিঁড়ি পেরিয়ে এসেছেন বেবী নাজনীন। তার গাওয়া গান নিয়ে এ পর্যন্ত অর্ধশতাধিক একক এবং দুই শতাধিক মিক্সড অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া কবিতার জগতেও রয়েছে তার সাফল্যের স্বাক্ষর। ‘সে’, ‘ঠোঁটে ভালোবাসা’ ও ‘প্রিয়মুখ’ নামে বাজারে তার ৩টি কাব্যগ্রন্থ রয়েছে।