খানাখন্দে ভরা ছৈয়দাবাদ পদ্মা ডেবা সড়ক

ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা

 চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ছৈয়দাবাদ পদ্মা ডেবা সড়ক বিভিন্ন স্থানে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার গাছবাড়িয়া-ধোপাছড়ি সড়কের সঙ্গে সংযুক্ত পদ্মা ডেবা সড়কের দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। দীর্ঘ দিন ধরে এই সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। অথচ সড়কটি দিয়ে দুই শতাধিক পরিবারের লোকজনের নিয়মিত চলাচল। বিকল্প কোনো সড়ক না থাকায় ক্ষতবিক্ষত এ সড়কটি দিয়েই সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে।

পদ্মা ডেবা এলাকার বাসিন্দা আবদুল আলিম ও আবদুল মাবুদ জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো ধরনের সংস্কার করা হয়নি। তারা আরো জানান, কতিপয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সড়কের ধার ঘেঁষে মাটি কেটে নিচ্ছে। এ কারণে সড়কটি বিভিন্ন স্থানে দ্রুত ধসে পড়েছে। এতে করে স্কুল-কলেজ বা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী ও রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দ্রুত পদ্মা ডেবা সড়কটি সংস্কার ও প্রভাবশালীদের যত্রতত্র মাটি কাটা বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে পানির স্রোতে সড়কটি পাশাপাশি অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হবে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আয়ুব মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সড়কটি সংস্কারের জন্য উপজেলা চেয়ারম্যানকে অবহিত করেছেন বলে জানান। উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, অনেক কাজ চলছে। ক্রমে ক্রমে সব সড়কের সংস্কার কাজ করা হবে।