আলুটিলা পর্যটন কেন্দ্রে ‘খাস্রাং’ এর যাত্রা শুরু

তরুণ ভট্টাচার্য, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি ও সাজেকের নয়নাভিরাম নৈস্বর্গিক সৌন্দর্য দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের শুধুই কাছে টানছে। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে বাড়ছে ব্যক্তিগত উদ্যোক্তাদের আগ্রহও। জেলা শহরের অনতিদূরে সুউচ্চ আলুটিলা পর্যটন কেন্দ্রে বেসরকারি উদ্যোগে সম্প্রতি চালু হয়েছে ‘খাস্রাং’ (ত্রিপুরা ভাষা) বা প্রশান্তি নামক বিনোদন কেন্দ্র। খাস্রাং বিনোদন কেন্দ্র ও রিসোর্টের পরিচালক কার্তিক ত্রিপুরা জানান, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা তার ১০ একর জায়গার ওপর ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তুলেছেন খাস্রাং রিসোর্ট ও বিনোদন কেন্দ্র। এখানে পর্যটকদের রাতে থাকার জন্য তৈরি হচ্ছে হোটেল।

সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পর্যটকদের চিত্তবিনোদনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন স্পটের পাশাপাশি খাস্রাং রিসোর্ট আলাদা মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী জানান, আলুটিলায় সরকারিভাবে শিগগিরই কেবল কার স্থাপনের কাজ শুরু হবে। এ কারণে আলুটিলা পর্যটন কেন্দ্রে ব্যক্তিগত উদ্যোগে আরো নতুন নতুন রিসোর্ট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। খাগড়াছড়ির রিচাং ঝর্ণা, মাইয়ুং পাহাড় ও ভাইবোনছড়ার মায়াবিনী লেকটিকে ঘিরেও উদ্যোক্তাদের আগ্রহ বেড়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘খাস্রাং’ ভবিষ্যতে শিশুদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠবে। যেহেতু এখানে সোনামনিদের বিনোদনের জন্য শিশুবান্ধব বিভিন্ন স্থাপনা ব্যবস্থা রাখা হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জ থেকে খাগড়াছড়ি ভ্রমণে আসা সাইফুল ইসলাম ও তার বন্ধু মোহাম্মদ জামান জানান, ‘খাস্রাং বিনোদন কেন্দ্র উপভোগ করার মতো একটি চমত্কার জায়গা। যাতায়াত ও নিরাপত্তা সুবিধাও অনেক ভালো।